বাংলাদেশের জ্বালানি খাতের অভিজ্ঞ প্রকৌশলী এম এ ওয়াদুদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে ‘হজকিন লিম্ফোমা’ (এক ধরনের ক্যান্সার) রোগে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ আছর মরহুমের নিজ শহর রাজবাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রকৌশলী এম এ ওয়াদুদ খান বাংলাদেশের জ্বালানি ও পেট্রোলিয়াম সেক্টরে অত্যন্ত দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আওতাধীন দেশের সকল শীর্ষস্থানীয় তেল কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ERL), পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং এলপি গ্যাস লিমিটেডের শীর্ষ পদে আসীন ছিলেন। বিপিসির সব কটি প্রধান এন্টারপ্রাইজে নেতৃত্ব দেওয়ার বিরল কৃতিত্ব ছিল তার। তার সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, জামাতা, তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের জ্বালানি ও প্রকৌশল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবার।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন