ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১১:৪৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাফি (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাফিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করে চিকিৎসা দেন।

আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু সজীব জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন। রাতের দিকে মো. ইমন, শাহাবুদ্দিন, রেজাউল, মিন্টু ও রাফি নামে কয়েকজন শাহিন নামের এক ব্যক্তির খোঁজ নেন। তবে রাফি শাহিনের অবস্থান সম্পর্কে কিছু বলতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়। দুর্বৃত্তরা সেখান থেকে চলে যাওয়ার সময় তার ডান পাঁজরে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

তিনি আরও জানান, রাফির বাড়ি লালবাগের শহীদনগর এলাকায়। তিনি তাজ উদ্দিনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজন যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। তার ডান পাঁজরে গুলি লেগেছে এবং চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। আহতের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।