রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।
তিনি তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক—তা জানাতে পারেননি বলে জানা গেছে।

