রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।
শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপারকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।
নিহত রফিক (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার নুর আলমের ছেলে। আহতরা হলেন- মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে তারা মহাখালীর আমতলী এলাকায় পৌঁছে দেখেন, ‘ভাটিকা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে আছে। দুর্ঘটনায় বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর আমতলী এলাকায় বাস দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন