রাজধানীর হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়া থেকে রক্ষা পেয়েছেন এক নারী ও তার ১১ মাসের শিশুসন্তান।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজউক প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদোয়ান জানান, বিকেলে এক নারীকে কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে দেখেন তারা। বিষয়টি নজরে আসামাত্র দ্রুত ছুটে গিয়ে তারা ওই নারীকে বাধা দেন।
পরবর্তী সময়ে সেখানে থাকা র্যাব-৩-এর একটি টহল দল এগিয়ে আসে। সবাই মিলে ওই নারীকে আশ্বস্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে হাতিরঝিল থানার ডিউটি অফিসারের সহায়তায় ওই নারীর কাছে থেকে তাঁর পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।
সংবাদ পেয়ে হাতিরঝিল থানায় ছুটে আসেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, ৩০ বছর বয়সী ফারজানা হরমোনজনিত জটিলতায় ভুগছেন এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। চিকিৎসা শেষে মালিবাগে এক আত্মীয়ের বাসায় ওঠার পর ফারজানা কাউকে কিছু না জানিয়ে কোলের শিশুকে নিয়ে বের হয়ে যান।
আইনি প্রক্রিয়া শেষে সুস্থ ও অক্ষত অবস্থায় মা ও শিশুকে শরিফুলের জিম্মায় হস্তান্তর করা হয়। স্ত্রী ও সন্তানের জীবন বাঁচানোয় আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন