ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:৩৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানার শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী মো. সিয়াম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, রাতে খবর পেয়ে শ্যামপুর শ্মশানঘাট রশিদ মাস্তান মাজারের পাশে পাকা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় সিয়ামকে পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত সিয়াম তার পাঁচ বন্ধুকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পোস্তগোলার দিকে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিয়াম ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম গেন্ডারিয়া গার্মেন্টস গলি এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।