রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিলে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাসেবা দেওয়া হয়।
আহতরা হলেন- মোহাম্মদপুরের সিএনজিচালক মো. ইমন (২৯) এবং মতিঝিলের ভাঙারি ব্যবসায়ী রোহান (১৬) ও জিহাদ (১৭)।
আহত ইমনের ভাই সুমন জানান, আমার ভাই সিএনজিচালক। গত রাতে গ্যারেজে সিএনজি জমা দিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে দুই হাতের কবজি, ডান হাতের কাঁধ, বাম পায়ের হাঁটু, ডান পায়ের রান ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা নগদ ২,৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি চিকিৎসাধীন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামে। বর্তমানে আমরা মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকি।
অপরদিকে, আহত বোরহান জানান, ‘জিহাদ ও আমি—আমরা দুজনই ভাঙারি ব্যবসা করি। গত রাতে মতিঝিলের আরামবাগের রাস্তা দিয়ে যাওয়ার সময় ৩-৪ জন আমাদের গতিরোধ করে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার বাম হাতে ও জিহাদের ডান হাতে আঘাত করে এবং আমাদের কাছে থাকা ৫,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা দুজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিই। আমরা দুজনই আরামবাগের পানির গলিতে ভাড়া বাসায় থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গত রাতে মোহাম্মদপুর ও মতিঝিল এলাকা থেকে তিন যুবক আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসে। আমরা জানতে পারি, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তারা আহত হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন