ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি বিশ্বব্যাপী স্বীকৃত। তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ এলাকার বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে অনুষ্ঠিত Startup Science Project and Innovation Idea Showcasing Program-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ হবে। তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচিকে ক্যাম্পেইনের মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের দায়িত্ব ও নাগরিক সেবাগুলো সম্পর্কে জনগণকে আরও সচেতন করা হবে।

অনুষ্ঠানে প্রশাসক নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী ধারণা, সাংস্কৃতিক পরিবেশনা, গান ও নাচের প্রশংসা করেন। তিনি বলেন, চেষ্টা থাকলে সফলতা অর্জন সম্ভব। বাংলাদেশ নেভি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলো নগরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার নাগরিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর হুমায়ুন কবীর, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।