ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতাসহ আহত ২

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০১:০৫ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতাসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টার দিকে কাফরুল থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপির কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অস্ত্রসহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মী মো. সুজনের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি গুলি লাগে। এছাড়া মো. ইউসুফের বুকে একটি গুলি বিদ্ধ হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।