মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে গরু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ২টি গরু উদ্ধার করা হয় এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গত ২২ জুলাই ২০২৬ দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের সায়দ মিয়া ও আশিক মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই রাত ১টা ১০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত কুলাউড়া ও কমলগঞ্জ থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) এবং মো. জাবেদ আলী (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০)-কে এবং পরে কুলাউড়া উপজেলার থলের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। এছাড়া গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

