ঢাকার মিরপুরে শাহআলী মাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা টিমও যুক্ত ছিল।
অভিযান চলাকালে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. শান্ত (২৫), মো. মিরাজ (৩২), মো. হারুন (৩৮), দুলাল (৫৩), মো. মিলন (৫৫), পিংকি ওরফে স্মৃতি (২৫) এবং মিনারা বেগম (৪০)।
তাদের কাছ থেকে কাগজের পুরিয়া আকারে সাজানো প্রায় ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সংরক্ষণ, সেবন ও বিক্রয়ের অপরাধে তাৎক্ষণিক কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, শাহআলী মাজারের মতো একটি পবিত্র স্থানে মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন