রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিনা আক্তার (৩৫) ও মো. খায়রুল ইসলাম (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মিনা আক্তার তার সহযোগী খায়রুল ইসলামের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটিটিসি।

