ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি- সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান। রিজার্ভের এই বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে।

এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি এবং রপ্তানি আয়ে স্থিতিশীলতা বজায় থাকায় রিজার্ভের এই উন্নতি সম্ভব হয়েছে। বিশেষ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান রিজার্ভ দিয়ে দেশের কয়েক মাসের আমদানি ব্যয় নির্বিঘ্নে পরিশোধ করা সম্ভব। ফলে জ্বালানি, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা আপাতত নেই। এটি দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করেছে।

অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এই ঊর্ধ্বগতি বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং মুদ্রাবাজারে আস্থার পরিবেশ তৈরি করবে। পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও এই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।