ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি আজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৩২ এএম
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত পাল্টা (রেসিপ্রোকাল) শুল্ক-সংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশের তৈরি পোশাক দেশটির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত বিদ্যমান ২০ শতাংশ পাল্টা শুল্ক কমতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে রয়েছে। তারা সশরীরে উপস্থিত থাকবেন এবং অনলাইনে যুক্ত হবেন উপদেষ্টা ও সচিব।

দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন।

অন্য সদস্যরা হলেন– যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইছ উদ্দিন খান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপদেষ্টা ঢাকায় বসেই চুক্তিতে সই করেছেন। তার স্বাক্ষর করা কপি প্রতিনিধি দল ওয়াশিংটনে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করবেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার।