পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর বাজারে আবারও কিছু নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে মুরগি ও গরুর মাংসের দাম বেড়েছে। তবে সবজির বাজারে দেখা গেছে বিপরীত চিত্র। চাহিদা কম থাকায় বেশির ভাগ সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় অনেকে আগেভাগেই বাজার করতে শুরু করেছেন। ফলে দিন যত যাচ্ছে, ততই বাড়ছে মুরগির চাহিদা। এর প্রভাব পড়েছে দামে।
বিক্রেতারা জানান, এক সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
বর্তমানে বাজারে সোনালি মুরগি কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগে থেকে প্রায় ৩০ টাকা বেশি। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে ৩১০ টাকা, ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ২২০ টাকা এবং দেশি মুরগি ৩০ টাকা বেড়ে ৬৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, ঈদের আগে সাধারণত মুরগির চাহিদা বেড়ে যায়। তবে এবার চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম। কারওয়ান বাজারের এক বিক্রেতা জানান, ছোট ছোট অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো মুরগি বাজারে আসছে না। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে বাড়তি চাহিদা দাম বাড়ার অন্যতম কারণ।
মুরগির পাশাপাশি গরুর মাংসের দামও কিছুটা বেড়েছে। বাজারে বর্তমানে গরুর মাংস কেজি প্রতি প্রায় ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় প্রায় ৩০ টাকা বেশি।
অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের জন্য। চাহিদা কম থাকায় বেশির ভাগ সবজির দাম কিছুটা কমেছে। বাজারে বর্তমানে কাঁচামরিচ কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা।
বিক্রেতারা বলছেন, ঈদ সামনে রেখে অনেক ক্রেতা এখন কেনাকাটায় ব্যস্ত। আবার অনেকেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে বাজারে ক্রেতা উপস্থিতি কমে গেছে, যার প্রভাব পড়েছে সবজির দামে।


