চলতি মাসে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল আসছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে এ ডিজেল পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার রাত আটটার দিকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছাবে।
এর আগে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে। ফলে চলতি মাসে এই পাইপলাইন দিয়ে মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।
চলতি বছরের মার্চ পর্যন্ত চারটি চালানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল এসেছে। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার টন ডিজেল আমদানি হয়েছে। এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে জ্বালানি আমদানি করা হচ্ছে।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়।
দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশকে ডিজেল সরবরাহ করবে। বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি তেল আমদানি করা যাবে, যা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী বাড়ানো হবে।
এর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে সময় লাগত ৬ থেকে ৭ দিন। এখন পাইপলাইনের মাধ্যমে দ্রুত ও সহজে সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

