জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের ব্যবধান মাত্র ৬ ভোট, যা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা দেখা গেছে।
৮টি কেন্দ্রের ফলে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট ও ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কোবরা ৪২২ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৭৯৯ ভোট ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৬৯০ ভোট পেয়েছেন।
শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল এখনো এগিয়ে। এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোতেও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের কয়েকজন ভালো অবস্থানে রয়েছেন।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় স্থগিত ছিল। ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও সম্পূর্ণ ভোট গণনা করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে পাঁচ ঘণ্টা পর পুনরায় গণনা শুরু হলেও বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি আছে।
ফল ঘোষণা হওয়া ৮টি কেন্দ্র হলো : নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন