ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা জোরদার করতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দিল অধিদপ্তর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:১১ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর তথ্য দ্রুত পাঠানো এবং কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের প্রস্তুতির কথা জানানো হয়েছে।

গত ৮ জানুয়ারি মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো ওই জরুরি চিঠিতে বলা হয়, যেসব মাদরাসা আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলোর নাম, ঠিকানা ও মোট সংখ্যা আগামী ১১ জানুয়ারির মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। নির্ধারিত তথ্য ই-মেইলের মাধ্যমে (

(mailto:buddu9087@gmail.com)) পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ করতে ভোটকেন্দ্রগুলোতে আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণ বাড়াতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ওই চিঠিতে ২০২৬ সালের ১২ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠানোর সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভোটগ্রহণের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানায়, তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করে তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। একই সঙ্গে এ সংক্রান্ত চিঠির অনুলিপি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে, যাতে তালিকা প্রণয়ন ও সমন্বয় কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।