ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটক ৪

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৮:১৭ এএম
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে, ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সি ইউনিটের কোঅর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা।

আটক চার পরীক্ষার্থীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ছিলেন দিব্য জ্যোতি সাহা ও মো. শামস আজমাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে লাবিব বিন মাহবুব। এ ছাড়া ঢাকা কেন্দ্রের আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন।

উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে কোঅর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মোট চারজন অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক হয়েছেন।

চার পরীক্ষার্থীর আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় সর্বমোট চার পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দুজনকে ডিভাইসসহ আটক করে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার দায়ে পুলিশে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর চার হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট ২,৭২,৬২৬ জন ভর্তিচ্ছু লড়বেন। এর মধ্যে আজকের ‘সি’ ইউনিটে মোট ১,২৬,২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১,৫৩৬টি। এই হিসাবে আসনপ্রতি লড়াই পড়ছে ৮২ জনের।