সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেলের বিরোধিতা করে মিছিলকে কেন্দ্র করে ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কথা-কাটাকাটি ও উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের হলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে স্কুলিং মডেলের বিরোধিতা করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলে ‘স্কুলিংয়ের ঠিকানা, ঢাকা কলেজে হবে না’ এবং ‘তুমি কে আমি কে—ডিসিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি হলপাড়া ঘুরে দক্ষিণ হলের সামনে পৌঁছালে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে বাধা দেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে শিক্ষার্থীদের চাপের মুখে কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন। পরে হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনার বিষয়ে ঢাকা কলেজের এক স্নাতক শিক্ষার্থী রাহুল আমিন বলেন, মধ্যরাতে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। এ সময় অনার্সের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল এবং সবাই পড়াশোনায় ব্যস্ত ছিলেন। এ কারণে আমরা মিছিলে প্রতিবাদ জানাই এবং পাল্টা কর্মসূচি দিই।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আনন্দ প্রকাশ করতে তাঁরা মিছিল বের করেছিলেন। তবে অনার্সের শিক্ষার্থীরা মিছিলে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কলেজ প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন