সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১৪ হাজার ৩৮৫ পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এ ফলাফল প্রকাশ করে।
ফলাফল যেভাবে দেখা যাবে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল প্রকাশের পর দুইভাবে প্রার্থীরা তাদের ফল জানতে পারবেন।
অনলাইন পোর্টাল: প্রার্থীরা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট mopme.gov.bd-এ প্রবেশ করে ‘Check Result by Roll Number’ বাটনে ক্লিক করে ফলাফল দেখতে পারবেন।
এসএমএস সুবিধা: যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন, তাদের মুঠোফোনে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে খুদে বার্তা (SMS) পাঠিয়ে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলা ভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ১ হাজার ৪০৮টি কেন্দ্রে গত ৯ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।


