পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি), রমজানের প্রথম দিন থেকেই এ ছুটি কার্যকর হবে। ফলে শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই রোজা ও ইবাদতের পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।
রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান মাসে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হওয়ার সম্ভাবনা এবং ধর্মীয় অনুশীলনের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক ও কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।
রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা না রাখা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। এরই মধ্যে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস–কে জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চাইলে রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তার এ বক্তব্যের পর বিষয়টি আরও আলোচনায় আসে।
এর আগে গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগের পক্ষ থেকে পূর্বের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। ফলে ছুটি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। শেষ পর্যন্ত নতুন তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সেই ছুটি শেষে গত সোমবার থেকে পুনরায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়।
অন্যদিকে, মাদ্রাসাগুলোতে নির্বাচনের ছুটির মধ্য দিয়েই শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হয়েছে। মাদ্রাসার নির্ধারিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত তাদের ছুটি চলবে।
এছাড়া কলেজগুলোর ছুটির তালিকা অনুযায়ী, বুধবার থেকেই ঈদুল ফিতর উপলক্ষে কলেজে ছুটি শুরু হয়েছে। কলেজগুলোতে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। িরমজান, নির্বাচন ও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উপলক্ষ মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ দীর্ঘ ছুটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
এই ছুটির ফলে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ছুটি শেষে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও পাঠদান কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তাই শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে এ ছুটি অনেকের কাছেই ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন