ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উচ্চমান সহকারী-কম্পিউটার অপারেটর থেকে সহকারী শিক্ষা অফিসার হলেন ৮২ জন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:০৪ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮২ জন কর্মকর্তা-কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির মাধ্যমে তারা এখন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেলেন এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন-ভাতা প্রাপ্য হবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখা-১ এর উপসচিব মুন্না রাণী বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে দায়িত্ব পালন করে আসা এসব কর্মকর্তা-কর্মচারী পদোন্নতির জন্য অপেক্ষমাণ ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়-এর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের স্মারকের সুপারিশের আলোকে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

বিধিমালার শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত কর্মস্থলে তাদের পদায়নও সম্পন্ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ৮২ জন কর্মকর্তা পূর্বে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক প্রভৃতি পদে কর্মরত ছিলেন।

 পদোন্নতি পাওয়াদের তালিকা