ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আগামীকাল একসাথে দুই মাসের বেতন পাবেন যে শিক্ষকরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:২৬ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে শিক্ষকদের। আগামীকাল থেকে একসাথে দুই মাসের বেতন বা আর্থিক অনুদান উত্তোলন করতে পারবেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। ইতোমধ্যে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর (২০২৫) মাসের অনুদানের সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অনুদানের চেকগুলো বিতরণকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বিতরণকারী ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চের পর থেকে সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের নির্ধারিত ব্যাংক শাখা থেকে পাওনা অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে সোমবার থেকেই দেশের বিভিন্ন এলাকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা একসাথে দুই মাসের অনুদানের টাকা হাতে পাবেন।

দীর্ঘদিন পর এই অনুদানের অর্থ ছাড় হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক শিক্ষক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অনুদানের টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে ছিলেন। দুই মাসের টাকা একসাথে পাওয়ায় সেই সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন তারা।