এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের জন্য ইএফটিতে বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার মধ্যে চলতি মাসের এমপিওর বিল ইএফটিতে সাবমিট করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অনলাইনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের জন্য এমপিওভুক্ত জনবলের বিল সাবমিশন অপশন অনলাইনে চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে লগইন করে আগের মতো মাসিক বেতন সাবমিশন অপশনে গিয়ে এপ্রিল ২০২৬ মাসের বিল সাবমিট করবেন।
প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কারও স্ট্যাটাস পরিবর্তন হলে (মৃত, পদত্যাগ, অবসর) তা টিইএমআইএস সফটওয়্যারের নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (আইবাস++ ভ্যালিড) অপশনে এন্ট্রি করতে হবে।
এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে তা বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।
এমন পরিস্থিতিতে ১৬ এপ্রিল বিকেল ৩টার মধ্যে এপ্রিল/২০২৬ মাসের এমপিও বিল ইএফটিতে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
যদি কোনো প্রতিষ্ঠানের এই মাসের বেতন ভাতা ইএফটি এবং ম্যানুয়াল এমপিও শিট উভয় মাধ্যমে চলে যায়, তাহলে এমপিও শিটের মাধ্যমে বিল না তোলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন