ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, অধ্যাপক তাজিন আফরোজ বরখাস্ত 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৩৮ পিএম
অধ্যাপক তাজিন আফরোজ। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মেডিসিন বিভাগের অধ্যাপক পদ থেকে ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

একই সঙ্গে আদেশে উল্লেখ করা হয়, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।