ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কাল ডাকসুর জিএস-এজিএসের বাগদান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫০ পিএম
ডাকসুর জিএস এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান। ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের (আকদ) বাগদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি তাদের আকদ হওয়ার কথা থাকলেও শহীদ শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুর কারণে অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ডাকসু এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের দুটি সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল তাদের আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে কনেদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ডাকসুর এক নেতা জানান, ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল বাদ জোহর মসজিদে আয়োজন করা হয়েছে। অন্যদিকে, মহিউদ্দীনের বিয়ের বিষয়টি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। তবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের একটি সূত্র জানিয়েছে, এসএম ফরহাদ ও মহিউদ্দীনের বিয়ের অনুষ্ঠান কাল অনুষ্ঠিত হবে।

রাত পৌনে ৯টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ ভাই আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।’

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি, ফরহাদ ও মহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির দায়িত্বও পালন করছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী, এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এই আকদ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখার দুই প্রভাবশালী নেতা তাদের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।