জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে প্রথম চার ঘণ্টায় বেশির ভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলে শেষ মুহূর্তে বেড়েছে ভোটারদের উপস্থিতি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। শেষ মুহূর্তে পড়েছে বিশাল লাইন। এই কেন্দ্রে প্রায় ৬০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রের মোট ২৩৮ জন।
অর্থনীতি বিভাগের কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১১০টি। এখানে মোট ভোটার ৪২৪ জন। এ ছাড়া সমাজকর্ম বিভাগে ৫১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১৩০ জন।
ইংরেজি বিভাগে ১৭৫ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪৭১ জনের মধ্যে প্রায় ১৭০ জন ভোট দিয়েছেন।
আইন বিভাগের কেন্দ্রে ভোট পড়েছে ১৯০টি, যেখানে মোট ভোটার ৪৬৫ জন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৬০ জন।
ভোটার উপস্থিতি নিয়ে আইন বিভাগের রিটার্নিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি গণমাধ্যমকে বলেন, ‘ভোটগ্রহণ শুরু হওয়ার সময় ভোটার উপস্থিতি কম থাকলেও এখন আস্তে আস্তে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। আনন্দের সঙ্গে ভোট দিতে আসছেন শিক্ষার্থীরা।’

