ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাকৃবিতে রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্ষিক ক্যাম্প পরিচালক ও গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার বিকেল সাড়ে ৪টায় ছাত্রবিষয়ক বিভাগের কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এ ছাড়া দুই জন রোভার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারী ৬০ জন রোভারকে সনদপত্র বিতরণ করা হয়।

অধ্যাপক ড. মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, ‘রোভার স্কাউট একটি শিক্ষামূলক ও সেবাধর্মী সংগঠন, যা দেশসেবার মানসিকতা তৈরি করে। রোভারগণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহায়তা এবং জাতীয় দিবসগুলোতে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করছে। বিশেষভাবে গ্রুপ সম্পাদক ড. জহিরুল আলম সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রাক্তন রোভারগণ ইতোমধ্যে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছে এবং দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রাখছে। বার্ষিক ক্যাম্পের মাধ্যমে রোভারদের বিভিন্ন দক্ষতা, এসডিজি জ্ঞান, প্রাথমিক প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমের সক্ষমতা আরও সমৃদ্ধ হয়েছে।’

উল্লেখ্য, ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পারসনরা গেস্ট শিক্ষক হিসেবে এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।