ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিতুমীর কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:১১ পিএম
ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল। ছবি : রূপালী বাংলাদেশ

তিতুমীর কলেজের সকল সহশিক্ষামূলক ক্লাব ও সংগঠনকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠন, ক্লাব প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, রমজানের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের চেতনায় সব সংগঠনকে একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংক্ষিপ্ত বক্তব্যে শাখা নেতৃবৃন্দ বলেন, মতভেদ থাকলেও শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্য অটুট রাখা প্রয়োজন। তারা ক্যাম্পাসে ইতিবাচক ছাত্ররাজনীতি ও সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।