পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল (সাবেক শেরে বাংলা হল) ও বিজয় ২৪ হলের (সাবেক শেখ মুজিব হল) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
বুধবার (৪ মার্চ) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়ার ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাতেই ১ ঘণ্টা থেমে থেমে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের দুই হলের সিনিয়র ও জুনিয়রদের কথা কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
দুমকী থানা ওসি মো. সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের মধ্যে প্রায় একঘণ্টা থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুই পক্ষ যার যার হলে চলে যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন