নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত তিনজন হলেন: সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
অফিস আদেশে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে আপনার নাম উল্লেখ থাকায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(বি) ধারা অনুযায়ী আপনাকে ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে আপনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারণ ভাতা প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইবি শিক্ষিকা আসমা সাদিয়াকে হত্যার পর বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপর তিন আসামি হচ্ছেন সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। ইতোমধ্যেই আইসিইউতে চিকিৎসাধীন থাকা প্রধান আসামি ফজলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।



