স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উপাচার্য বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই বাংলাদেশের জন্ম, আর সেই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। অতীতের আন্দোলন ও সংগ্রাম আমাদের স্মরণ করিয়ে দেয়, জনগণ আর সংঘাত নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রগতি চায়। সরকার ও বিরোধী দলসহ সবার সম্মিলিত প্রচেষ্টায়, দুর্নীতি পরিহার করে যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনা করা গেলে একটি উন্নত, গণতান্ত্রিক ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।’
পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, সাংবাদিক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল ও বিভাগের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-20260325224817.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন