ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বসেরার র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:১১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত শিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬’-এ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ স্থান পেয়েছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ উপস্থিতি।

শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ মার্চ কিউএস বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ স্থান পেয়েছিল।

প্রতি বছরের মার্চ মাসে প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে দুটি প্রধান ক্যাটাগরি থাকে ব্রড সাবজেক্ট ও ন্যারো সাবজেক্ট। ব্রড সাবজেক্টে পাঁচটি ক্যাটাগরির মধ্যে এবার তিনটিতে জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ন্যারো সাবজেক্টের ৫৫টি বিষয়ের মধ্যে ১০টি বিভাগ তালিকাভুক্ত হয়েছে।

কিউএসের তথ্য অনুযায়ী, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৩৭১তম, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১-৩৭৫, ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিকস ৩০১-৩৫০ এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১-৪৫০ অবস্থানে রয়েছে।

ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যেখানে এর বৈশ্বিক অবস্থান ৫০১-৫৫০-এর মধ্যে। এই ক্যাটাগরিতে রসায়ন বিভাগ ৫৫১-৬০০, পরিবেশবিজ্ঞান ৪০১-৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১-৫৫০ অবস্থানে রয়েছে।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ব্রড ক্যাটাগরিতে স্থান না পেলেও, জীববিজ্ঞান বিভাগ ন্যারো সাবজেক্ট তালিকায় ৬৫১-৭০০-এর মধ্যে অবস্থান করছে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এ ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৫৫১-৬০০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৫০ এবং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৭৫-এর মধ্যে স্থান পেয়েছে।