বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার সময় ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানাের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে ‘আজাদী’ মিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সম্পন্ন হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এবং ‘আধিপত্যবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম-এ প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করে অভিযোগ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তৎকালীন সরকারের দমন-পীড়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
মোসাদ্দেক আলী বলেন, এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক নীতিমালার পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী, এমন আচরণের পর প্রণয় ভার্মার বাংলাদেশে কূটনীতিক হিসেবে থাকার নৈতিক অধিকার নেই। তিনি সরকারকে তাকে তলব করে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করার আহ্বান জানান।
এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার জন্য।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন