বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ধাপ শুরু হবে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত অগ্রসর হবে।
সূত্রের খবর, সপ্তম গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসেবে আগে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। টেলিটক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্য পদ শনাক্ত করা হয়। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে তথ্য যাচাই করা হয়।
চূড়ান্তভাবে দেখা যায়, প্রকৃত শূন্য পদ ৬৮ হাজার। এই পদের বিপরীতে এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন চেয়ে চাহিদাপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এনটিআরসিএর ইতিহাসে, ২০২৫ সালের ১৭ জুন এক লাখ ৮২২ শিক্ষকের নিয়োগ লক্ষ্য করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর আওতায় প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছিল এবং উল্লেখযোগ্যসংখ্যক পদ পূরণ করা সম্ভব হয়েছিল।
এনটিআরসিএ সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই দ্রুত সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



