ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি - সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। 

সোমবার (২৬ জানুয়ারি) সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল  কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের দাখিল পরীক্ষা শুরু হবে, যা চলবে ২৫ মে পর্যন্ত।

সূচি বলছে, ২৩ এপ্রিল হবে আরবি প্রথম পত্রের পরীক্ষা। পরে ২৬ এপ্রিল হবে গণিত বিষয়ে পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষার শেষ দিন ২৪ মে ২০২৬ তারিখে উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে বলে সূচিতে জানানো হয়।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে, এ দুটি অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এতে বলা হয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ক্ষেত্রে এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা চলাকালীন কেন্দ্রে সরবরাহ করবে এবং কেন্দ্রসচিব অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে নম্বর প্রেরণ করবেন।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল বা তত্ত্বীয়, বহুনির্বাচনি এবং ব্যবহারিক অংশে পরীক্ষার্থীদের পৃথকভাবে পাস করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। পরীক্ষাকেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন কেন্দ্রে আনতে বা ব্যবহার করতে পারবেন না।

এতে বলা হয়েছে,কেন্দ্রসচিব শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনে সাধারণ নন-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করবেন। তত্ত্বীয়, বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কোনো কেন্দ্রে বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাভুক্ত বিজ্ঞান বিভাগ রয়েছে এমন মাদরাসায় ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না। পাশাপাশি মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল ও হাদর এবং হিফজুল কুরআন বিভাগের নির্ধারিত বিষয়ের মৌখিক পরীক্ষাও গ্রহণ করা হবে।

এছাড়া পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।