ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণ নিয়ে বোর্ডের কড়া নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৩৩ এএম
ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দিনের পরীক্ষা।

আজ সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি (ভোকেশনাল) স্তরে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।

প্রথম দিনেই কিছু কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ ওঠায় শিক্ষা প্রশাসন সতর্ক হয়েছে। এ পরিস্থিতিতে প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা জরুরি নির্দেশনায় বলা হয়েছে, এবারের পরীক্ষা দুটি পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন বা তার আগের) ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশন) নতুন ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র দেওয়ার আগে কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবশ্যই প্রশ্নপত্রের কোড ও সিলেবাস যাচাই করতে হবে। কোনো ধরনের ভুল বা অসাবধানতা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় কম। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্যসংখ্যক নিবন্ধিত শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়নি বলেও জানা গেছে।