দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা-পরবর্তী পরিস্থিতি ও বিভিন্ন কারণে পরীক্ষার সময়সূচিতে যে অস্বাভাবিকতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজট দূর করতে আমরা বদ্ধপরিকর। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একই কারণে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে এ পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, বদলি নীতিমালা নিয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


