ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে ২০ জানুয়ারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৪৫ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি- সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র রূপালী বাংলাদেশকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, প্রাথমিকের ফল প্রকাশের কাজ চলমান। সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। সে হিসেবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবারের (২০ জানুয়ারি) মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।

অন্যদিকে, এ পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ‘ডিভাইস পার্টি’। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন। ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া ২০৭ জন চাকরিপ্রার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮, দিনাজপুরে ১৮, কুড়িগ্রামে ১৬, রংপুরে দুজন রয়েছেন।

প্রশ্নফাঁস, অনিয়ম-জালিয়াতির অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফলে এ পরীক্ষা বাতিলের সুযোগ নেই।