বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন, এমন খবর প্রকাশের পর শিক্ষক-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঈদুল ফিতর উপলক্ষে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুইজন যুগ্ম সচিব ও দুইজন উপসচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, ‘আজ ইফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর’ শিরোনামে একটি সংবাদ দেখলাম। এতে উল্লেখ ছিল, ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন। তবে বিষয়টি আমাদের জানা নেই। এ ধরনের কোনো বিষয় এখনো আলোচনায় আসেনি।’
শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, ‘শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন বলে শুনেছি। তবে আসন্ন ঈদুল ফিতরের আগে তা কার্যকর করার কোনো আলোচনা হয়নি। এটি অনেক দীর্ঘ প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘শতভাগ উৎসব ভাতা করতে কত টাকা প্রয়োজন, তা প্রথমে নির্ধারণ করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের প্রস্তাব পাঠাবে। প্রস্তাবটি পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে পরিপত্র জারি করা হবে। তাই ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন