ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩ কোটি টাকা পাচ্ছেন যেসব এমপিওভুক্ত শিক্ষক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষায় আবেদন করা ৮৬ হাজার প্রার্থী তাদের জমা দেওয়া ফি ফেরত পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রশাসনিক আদেশ অনুমোদন দিয়েছে।

জানা গেছে, আগে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে এসব প্রার্থী আবেদন করেছিলেন। তবে পরবর্তীতে এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগে শিক্ষাকতার অভিজ্ঞতা ১৮ বছর বাধ্যতামূলক করা হয়। ফলে আগের বিজ্ঞপ্তি বাতিল হয়ে যায় এবং নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত চিঠিতে বলা হয়েছে, সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে নতুনভাবে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। এ অবস্থায় আগের আবেদনগুলো বাতিল করে প্রার্থীদের জমা দেওয়া ফি খরচ বাদে ফেরত দিতে হবে এবং নতুন করে আবেদন গ্রহণ করা হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ৮৬ হাজার আবেদনকারীর প্রত্যেককে ৩৫০ টাকা করে ফেরত দেওয়া হবে, যা টাকার মোট পরিমাণে প্রায় ৩ কোটিরও বেশি। অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে এবং মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, নীতিমালায় অভিজ্ঞতার শর্ত পরিবর্তনের কারণে আগের আবেদন বাতিল হওয়া প্রায় নিশ্চিত। সে ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক। কীভাবে এই অর্থ ফেরত দেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে এনটিআরসিএতে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।