ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৯ এএম
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এসেছে বড় সুখবর। সরকার শিক্ষকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেলেও এর সঙ্গে আরও ১০ শতাংশ যোগ করা হচ্ছে। ফলে এখন থেকে তারা মোট ৬০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে দীর্ঘদিন শিক্ষকদের উৎসব ভাতা ছিল মাত্র ২৫ শতাংশ। পরে গত বছর তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয় এবং এবার আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের বৈষম্য দূর করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সরকার এই বর্ধিত ভাতা আসন্ন ঈদুল আজহার আগেই শিক্ষকদের হাতে পৌঁছে দিতে চায়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রস্তাবটি চূড়ান্ত করেছে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছে।

এদিকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুর বিষয়েও সরকার কাজ করছে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল উন্নয়ন নিয়েও ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
এছাড়া শিক্ষকদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতাও বরাদ্দ রয়েছে, যা সাধারণত ১৩ এপ্রিলের মধ্যে প্রদান করা হয়।

বর্তমানে ১১তম গ্রেডের একজন নতুন এমপিওভুক্ত শিক্ষকের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে বাড়ি ভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং ১৫ শতাংশ বিশেষ সুবিধা হিসেবে ১ হাজার ৮৭৫ টাকা যোগ হয়। সব মিলিয়ে মোট প্রাপ্তি দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৬২৫ টাকা, যেখানে ১০ শতাংশ অবসর ও কল্যাণ তহবিল কর্তন করা হয়।