ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে ফের বড় সুখবর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৮:২২ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত বদলি কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনায় বদলি সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। সফটওয়্যার ইতোমধ্যে লাইভে আছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সফটওয়্যার লাইভের পর শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। এ সংক্রান্ত চিঠিও প্রস্তুত করা হয়েছে। চলতি সপ্তাহ থেকেই শিক্ষকরা তথ্য দিতে পারবেন।

এর আগে গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সভায় বদলির সফওয়্যারেও আপডেট আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যার করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। এ বিষয়ে শিগগিরিই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।