বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তাদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় করা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা সোমবার (০৪ মে) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে রোববার (০৩ মে) হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতনের তথ্য আইবাস সফটওয়্যারেও যুক্ত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের বিষয়ে সব প্রসেস কমপ্লিট। আশা করছি, বুধ (৬ মে) অথবা বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে তারা বেতন পেয়ে যাবেন।



