বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা নিয়ে বড় সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিশ্বস্ত একটি সূত্র বলছে, চলতি মাসের ২৪ তারিখের মধ্যেই ঈদ বোনাস এবং মে মাসের বেতন একসঙ্গে পেতে পারেন শিক্ষকরা।
সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এবার ঈদ বোনাস এবং বেতন একসঙ্গে দেওয়া হবে। ইতোমধ্যে ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, ভাতার প্রস্তাব এখনো অনুমোদিত হয়নি। তবে আগামী সপ্তাহে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হতে পারে। অনুমোদনের পর জিও জারি হবে। এরপর আইবাসে পাঠানো হবে।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘ঈদ বোনাস নিয়ে এখনো জিও জারি না হলেও ঈদের আগেই শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পাবেন। একইসঙ্গে মে মাসের বেতনও পেয়ে যেতে পারেন তারা।’
প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের জন্য প্রথমে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনের মাধ্যমে বেতনের বিল প্রস্তাব আকারে দাখিল করেন। এরপর সেই বিল যাচাই-বাছাই করা হয় এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেতন-ভাতার অর্থ ব্যাংকগুলোতে প্রেরণ করে, যা পরবর্তীতে শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের প্রক্রিয়াকে নিয়মিত, স্বচ্ছ এবং গতিশীল করার লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এই আধুনিক ব্যবস্থার ফলে বেতন প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বেড়েছে এবং জটিলতা অনেকাংশে কমে এসেছে, যা শিক্ষক-কর্মচারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন