চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা গত ১৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারছেন, যা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত চলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে: https://rescrutiny.eduboardresults.gov.bd
কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন গ্রহণ করবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা প্রতিটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই হিসাবে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে, পাশাপাশি সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
এর আগে, ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পেরেছেন।
চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি, ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে ১ লাখ ৩৫, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নেয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন