গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এএএসবিপি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শরিফা বেগম পলাশবাড়ী উপজেলা আনসার-ভিডিপির সদস্য বলে জানা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলে তিনি দাবি করেন।
কেন্দ্রে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত সদস্য কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে অবস্থান নেন।
ভোট দিতে আসা কয়েকজন ভোটারও নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন