১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ বলে জানিয়েছে আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ।
এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। উৎসবে ৭০টির বেশি দেশের মোট ২৪৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মূল ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম।
উদ্বোধন অনুষ্ঠানের পর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে চীনা সিনেমা ‘দ্য জার্নি টু নো এন্ড’। একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।
বাংলাদেশ প্যানোরমা বিভাগে স্থান পেয়েছে ৯টি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’।
৯ দিনব্যাপী উৎসব ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী দিয়ে শেষ হবে। এবারের আসরে ‘চায়নিজ ফিল্ম উইক’ আয়োজনের মাধ্যমে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে।


