গান চুরির অভিযোগে ভারতের অস্কার জয়ী সুরকার এআর রহমানে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন ভারতীয় ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ডাগর বাণীর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সমগ্র বিশ্ব ডাগর পরিবার এবং তাদের ধ্রুপদ সংগীত সম্পর্কে জানে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত সম্মানিত শিল্পী।
বিচারপতি বাগচী বলেন, আমরা তদন্ত করতে চাই যে আসল লেখক কে। কেবল একটি গান গাইলেই লেখক হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে যে এর আগে অন্য কারো একই সুর ছিল না। আপনি ইতোমধ্যেই স্বীকার করেছেন যে আসামিরা (রহমানের দল) ডাগর ঐতিহ্যের অংশ।
এআর রহমানের আইনজীবী বলেন, আমরা কখনো কানো অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল (এ আর রহমান) কিছু করেন, তখন তিনি তা দাবি করেন।
প্রথমদিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার আবেদনে বলা হয়েছে, এআর রহমান মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর ‘বীর রাজা বীর’ গানটিতে তার পুরোনো লেখা গান ‘শিব স্তুতি’র একটি অংশ চুরি করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়িন সেলভান ২’ বেশ প্রশংসিত হয়েছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন